আমিনুর রহমান আশির দশকের বাংলাদেশের অন্যতম কবি, অনুবাদক, শিল্প সমালোচক ও প্রবন্ধকার। ১৯৬৬ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে এম-ফার্ম ডিগ্রী লাভ করেছেন। বাংলা ভাষায় ছয়টি কবিতার বই প্রকাশিত হয়েছে। বিশ্বাসী করতলে (১৯৮৯), হৃদয়পুরে ডুবসাঁতার (১৯৯১), ঠিকানা: কবিতাদীঘির পার (২০০৩), ভালোবাসা ও অন্যান্য কবিতা (সিডি সহ) (২০০৩), প্রেমের কবিতা (২০০৬), কষ্টের স্লেটে প্রেমের ফসিল (২০১২)। লন্ডনের আক আর্টস থেকে প্রকাশিত হয়েছে ইংরেজী অনুবাদ গ্রন্থ লাভ অ্যান্ড আদার পোয়েমস্ (২০০১), তিনটি স্প্যানিস অনুবাদ গ্রন্থ লা স্কুলতুরা (২০০২), মাতামে (২০১১), ডিয়ারিও পারপেটিও (২০১৩), জার্মান অনুবাদ গদিচে ভন আমিনুর রহমান উনদ মেনফ্রেড কোবো (২০০৩), জাপানী ভাষায় লাভ পোয়েমস্ (২০০৫) মঙ্গোলিয়ান ভাষায় হার্ট শোর (২০০৬)। অনুবাদ করেছেন জাপানী ভাষার কবি কাজুকো শিরাইশীর কবিতা (২০০৩), সুদীপ সেনের একটি খালি চিঠি (২০০০), পিটার হর্ণের কবিতা (২০০৩), জি মেন্দোয়োর কবিতা (২০০৬), পৃথিবীর সেরা সমকালীন ১০ কবির কবিতা (২০১০), জার্মেন ড্রুগেনব্রুট এর কবিতা (২০১২), আহমাদ কামাল আবদুল্লাহ’র কবিতা (২০১৫) নিকারাগুয়া’র কবিতা (২০১৬), প্রকাশিত হয়েছে আবৃত্তি বিষয়ক প্রবন্ধমালা (সম্পাদনা) (২০১০), সময়ের সেরা কথোপকথন (১৯১৪), প্রবন্ধ গ্রন্থ বাংলাদেশের চিত্রকর ও চিত্রকলা (২০১৫)। সমকালীন বাংলা কবিতা আবৃত্তির সাতটি ক্যাসেট/সিডি প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছেন বাংলাদেশের প্রথম ভিডিও আবৃত্তি সিডি নিভৃতি নির্ভরতা (১৯৯৮)। বিভিন্ন পত্রপত্রিকা সম্পাদনা এবং প্রকাশনার সাথে সক্রিয়ভাবে জড়িত। আমন্ত্রিত কবি হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশের শিল্প ও সাহিত্য উৎসব, বিশ্ববিদ্যালয় এবং সাংস্কৃতিক পরিমন্ডলে তাঁর কাজ উপস্থাপন করেছেন। বিশ্ব সাহিত্যে অবদানের জন্য মঙ্গোলিয়ার চেঙ্গিস খান ইউনিভার্সিটি তাকে ‘চেঙ্গিস খান গোল্ড মেডেল’ (২০০৬), একাডেমি অফ আর্টস মঙ্গোলিয়া ‘হ্যাভেন হর্স এ্যাওয়ার্ড’ (২০১৫) এবং মালয়েশিয়ায় ‘নুমেরা ওয়ার্ল্ড এ্যাওয়ার্ড অফ লেটারস্’ (২০১৬), তাইওয়ানে ‘কন্ট্রিবিউশান এ্যাওয়ার্ড ফর ইন্টারন্যাশনাল পোয়েট্রি’ (২০১৬), ভারতে ‘কবি দিনেশ দাস পুরষ্কার’ (২০১৯), মেসিডোনিয়ায় ‘মিনাদা এ্যাওয়ার্ড ’ (২০১৯) সম্মানে ভূষিত হয়েছেন।